বশেমুরবিপ্রবি থেকে ৯১ পিসি চুরি
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে খোয়া গেছে ৯১টি কম্পিউটার। এ নিয়ে চার বছরে এই গ্রন্থাগার থেকে দুই শতাধিক কম্পিউটার চুরির ঘটনা ঘটল।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) মো. শাহজাহান ও রেজিস্ট্রার মো. নুরউদ্দিন আহমেদ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
উপাচার্য শাহজাহান জানিয়েছেন, ঈদের ছুটিতে গ্রন্থাগারের পেছনের দিকের জানালা ভেঙে কম্পিউটারগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরির ঘটনাটি তদন্তে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন আব্দুল কুদ্দুস মিয়াকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রেজিস্ট্রার নুরউদ্দিন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করবেন।
তবে ২৭ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে ওই সময়ে চুরির ঘটনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম।
তবে এই সময়ের আগে ২০ জুলাই উপাচার্য শাহজাহান গ্রন্থাগার পরিদর্শন করেছিলেন। তখনো গ্রন্থাগারের সব কম্পিউটার যথাস্থানে ছিল। ধারণা করা হচ্ছে গত ২০ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে।
এর আগে এই কেন্দ্রীয় গ্রন্থাগারে দুই দফায় কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। ২০১৭ সালে ৫০টি ও ২০১৮ সালে ৪৭টি কম্পিউটার নিয়ে যায় দুর্বৃত্তরা।